কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেছেন, আমরা মনে করছি, রাষ্ট্রে যারা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছেন, তারা রাষ্ট্রের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি দরকার, তা নিশ্চিত করতে পারছেন না। আমরা স্পষ্ট করে বলতে চাই, আগামীকালের (সোমবার) মধ্যে ওসমান হাদির ওপর গুলি চালানো ব্যক্তিকে গ্রেফতার করা না হলে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করছি।
রবিবার দিবাগত রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আল জাবের বলেন, ওসমান হাদি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর। একই সঙ্গে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের শক্তির সবচেয়ে বড় জায়গায় পরিণত হয়েছিলেন। তাই, সরকারের দায়িত্ব ছিল হাদিকে রক্ষা করা। কিন্তু, সরকার সেটি করতে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, আমরা আপনাদের ৪৮ ঘণ্টা সময় দিয়েছিলাম। কিন্তু, এই সময়ের মধ্যে আপনারা ওসমান হাদিকে খুনের চেষ্টাকারীকে গ্রেপ্তার করতে পারেননি। ইনকিলাব মঞ্চ ও জনতার মতামতের ভিত্তিতে বলছি, ওসমান হাদি কোনো কারণে নিঃশ্বাস বন্ধ করলে, সেদিন অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিন হবে।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, আগামীকাল (সোমবার) ইনকিলাব মঞ্চের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় এক সমাবেশের আয়োজন করা হয়েছে। সকল রাজনৈতিক দলকে এই সমাবেশে অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানাচ্ছি। তবে, যারা ভারতের তাবেদারি করে, তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি না।
বিডি প্রতিদিন/নাজমুল