ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে জনতার দল বিক্ষোভ মিছিল করেছে। সোমবার দুপুরে শাহবাগ মোড়ে দলটির উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় হামলাকারী ও তাদের সহযোগীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
বিক্ষোভ চলাকালে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ‘সর্বদলীয় প্রতিরোধ’ সমাবেশে যোগ দেন দলের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, এ ধরনের সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধই একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারে। এ লক্ষ্যে দেশব্যাপী রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে সকল রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন জনতার দলের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, মহাসচিব আজম খান, মুখপাত্র মেজর (অব.) ডেলিস খান, ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল সাব্বির, মেজর জেনারেল (অব.) মাহবুবুল আলম, সহ-দপ্তর সম্পাদক মো. আতিকুল ইসলাম জুনেদসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল