রাজধানীর শাজাহানপুর থানাধীন গুলবাগ এলাকায় একটি ভবনে লিফটের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে ইব্রাহিম খলিল অপু (২৫) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।
নিহত ইব্রাহিম যাত্রাবাড়ীর মৃধাবাড়ি এলাকার বাসিন্দা এবং মোহন মিয়ার ছেলে। স্বজনদের বরাতে জানা গেছে, তিনি পেশায় ইলেকট্রিশিয়ানের কাজ করতেন।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী মারুফ জানান, সোমবার দুপুরের দিকে তারা শাজাহানপুরের গুলবাগ এলাকার একটি ভবনে লিফটে বৈদ্যুতিক কাজ করছিলেন। কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎ স্পর্শে ইব্রাহিম অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, ইব্রাহিম আর বেঁচে নেই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ইব্রাহিম খলিল অপুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি শাজাহানপুর থানা পুলিশকে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত