রাজধানীর উত্তরায় জুলাই রেবেলসের প্রধান কার্যালয়ে সশস্ত্র হামলা করে সংগঠনের এক সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করেছেন র্যাব ও পুলিশ সদস্যরা।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- শীর্ষ সন্ত্রাসী মো. আলতাফ ওরফে ঠোঁট কাটা আলতাফ (৪৬), সাইফুল ইসলাম (৩৭). মো. আমির হোসেন ফিরোজ (৪৭), রওশন মিয়া (৩৩), সিফাত মিয়া (১৯), বাইজিদ মিয়া (২২), কাজী সাদমান (২৫), রায়হান হোসেন (২৪), মোহাম্মদ হুমায়ুন কবির (৪২), মো. রায়হান (৩১), ফিরোজুর রহমান (৪৫), মোহাম্মদ ফারুক (৪২), ইমরান হোসেন (৪৫), সাইদুল আলম (২৭), জান্নাতুল মাওয়া ওরফে রোদশী সরকার (২৫) ও তাসলিমা (৪০)।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার রাকিব হাসান ও ডিএমপি মিডিয়া শাখা থেকে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, ঠোঁট কাটা আলতাফ হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন ধারায় ২২টি মামলা রয়েছে। গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান চালিয়ে মূল আসামিসহ সন্দিগ্ধ তিন আসামিকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।
উত্তরা পূর্ব থানা পুলিশ সূত্রে জানা যায়, ঠোঁট কাটা আলতাফসহ নিয়মিত মামলা, পরোয়ানাভুক্ত এবং বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এর আগে, গত ১৩ ডিসেম্বর ওসমান হাদিকে গুলির প্রতিবাদে মানববন্ধনে অংশ নেন ভুক্তভোগী ইউসুফ আলী রেদোয়ান। তিনি জুলাই রেবেলসের সদস্য। মানববন্ধন শেষে উত্তরা ৬ নম্বর সেক্টরে মুক্তিযোদ্ধা মার্কেটে সংগঠনের প্রধান কার্যালয়ে ফিরে আসেন।
সন্ধ্যা সাড়ে ৭টার সময় কার্যালয়ের নিচে আসামিরা দেশি অস্ত্রসহ দলবদ্ধ হন। পরে অফিসে ঢুকে অতর্কিতে হামলা চালান। এসময় ইউসুফের মাথায় আঘাত করে গুরুতর জখম করেন এবং অফিস ভাঙচুরসহ ভয়ভীতি প্রদর্শন করেন। এ ঘটনায় ভুক্তভোগী রেদোয়ান উত্তরা পূর্ব থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ