মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলনের উদ্যোগে মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড পানির ট্যাংকি মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা দলমত নির্বিশেষে মুক্তিযুদ্ধের মূল্যবোধ সমুন্নত রেখে ঐক্যবদ্ধ হয়ে জাতি গঠনে কাজ করার আহ্বান জানান।
আলোচকবৃন্দ বলেন, বাঙালী জাতির হাজার বছরের সর্বশ্রেষ্ঠ অর্জন হলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশ। একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ গঠনই দেশের মূল আকাঙ্ক্ষা, যা বাস্তবায়নের জন্য ঐক্য অপরিহার্য। তারা আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন অত্যন্ত জরুরি।
সভায় বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব রুস্তম আলী খোকন, অধ্যক্ষ আকমল হোসেন, প্রকৌশলী রাশেদুল ইসলাম রিপন, সৈয়দ মোহাম্মদ হোসেন বাবলু, নাজমুল হাসান খান, সন্তু মিত্রসহ অন্যান্য অতিথিবৃন্দ। সভার সভাপতিত্ব করেন মোহাম্মদপুর শাখার আহ্বায়ক ড. তারেকুজ্জামান সুদান।
সভাশেষে মহান বিজয় দিবস উপলক্ষে দেয়ালপত্রিকা প্রকাশ এবং দাবা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বিশিষ্ট সঙ্গীত শিল্পী সরদার হীরক রাজা ও তার দল এবং স্থানীয় শিশু-কিশোরদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শক অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/মুসা