রাজধানী ঢাকার ব্যস্ত নগরজীবনে হঠাৎই নেমে আসে এক উৎসবের আমেজ। রঙিন পাপড়ির মেলা, মিষ্টি সুবাস আর প্রকৃতির অপার সৌন্দর্যে মোড়া ফুলের উৎসবে উপচে পড়ে দর্শনার্থীদের ভিড়। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ একাই এসেছেন ফুলের সৌন্দর্য উপভোগ করতে।
রাজধানীর অভিজাত এলাকা গুলশানে আয়োজিত এই ফ্লাওয়ার শো বা ফুল উৎসবটি শনিবার গুলশান সোসাইটির উদ্যোগে গুলশান লেকপার্কে অনুষ্ঠিত হয়। উৎসব প্রাঙ্গণে সাজানো স্টলগুলোতে সারি সারি গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, টিউলিপ, অর্কিড, লিলি ও নানা প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমারোহ ছিল। প্রতিটি স্টল যেন একেকটি ছোট বাগান। কেউ ছবি তুলছেন, কেউ ফুল কিনছেন, আবার কেউ শুধু দাঁড়িয়ে ফুলের রঙ আর ঘ্রাণে মুগ্ধ হচ্ছেন।
ফুল দিয়ে তৈরি নানা ইনস্টলেশন ও রঙিন সাজে উৎসব প্রাঙ্গণ হয়ে ওঠে আরও প্রাণবন্ত। তরুণ-তরুণীরা এসব স্পটে ছবি তুলে স্মৃতি ধরে রাখছেন। শিশু, তরুণ-তরুণী থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠরাও ফুল দেখার এই উৎসবে ভিড় জমান।
কয়েকজন দর্শনার্থী জানান, ফুল উৎসব শুধু কেনাবেচার জায়গা নয়; এটি আবেগ ও অনুভূতির প্রকাশের এক অনন্য মাধ্যম। প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য গোলাপ, মায়ের জন্য রজনীগন্ধা, ঘর সাজাতে গাঁদা—প্রতিটি ফুলের পেছনেই লুকিয়ে আছে আলাদা গল্প।
এই উৎসব ফুলচাষি ও উদ্যোক্তাদের জন্যও আশার আলো হয়ে উঠেছে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা চাষিরা তাদের উৎপাদিত ফুল নিয়ে এতে অংশ নেন। তারা জানান, এ ধরনের আয়োজন তাদের পণ্যের প্রচার ও বিক্রির বড় সুযোগ তৈরি করে।
বর্ণিল এই আয়োজনের পেছনের ভাবনা তুলে ধরে গুলশান সোসাইটির প্রেসিডেন্ট ব্যারিস্টার ওমর সাদাত বলেন, ফ্লাওয়ার শো শুধু একটি আয়োজন নয়, এটি ভালোবাসা, সৌন্দর্য আর জীবনের প্রতি নতুন করে মুগ্ধ হওয়ার এক উপলক্ষ। কংক্রিটের শহরে ফুলের এই উৎসব যেন মনে করিয়ে দেয়- প্রকৃতি এখনও আমাদের কাছেই আছে, শুধু একটু চোখ মেলে তাকালেই হয়। এমন উদ্দেশ্যেই এ আয়োজন।
ফুল উৎসবকে ঘিরে ছিল আরও নানা আয়োজন। শীতের হরেকরকম পিঠার পসরা সাজিয়ে বসেছিলেন দোকানিরা, যা দর্শনার্থীদের আনন্দকে বাড়িয়ে তোলে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ