ঢাকার সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে দুইটি পোড়া মরদেহ উদ্ধারের ঘটনায় ‘মানসিক ভারসাম্যহীন’ এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক সম্রাট ভবঘুরে, তিনি এই ভবনেই রাতে থাকতেন।
সিসি ক্যামেরা ফুটেজ পর্যবেক্ষণ করে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) সাইদুল ইসলাম।
তিনি বলেন, সম্রাট সাভার থানার আশপাশে বেশ কয়েক বছর ধরে ঘোরাফেরা করেন। সে ভবঘুরে হলেও ‘সিরিয়াল কিলার’ হতে পারে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভবনের সামনে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে তাকে আটক করা হয়েছে।
এর আগে রবিবার দুপুরে পরিত্যক্ত ভবনটির একটি কক্ষে সদ্য পোড়া দুটি মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ। বিকালে সিআইডির ফরেনসিক টিমের সদস্যরা এসে আলামত সংগ্রহের পর পুলিশ মরদেহগুলো উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এই কমিউনিটি সেন্টারটি বৈষম্যবিরোধী আন্দোলনে পুড়িয়ে দেওয়া হয়। তারপর থেকে ভবনটি পরিত্যক্ত।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে সম্রাট নামে এক যুবককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। এঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের পাশাপাশি এর সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলমান আছে।
বিডি-প্রতিদিন/সুজন