গাজীপুরের শ্রীপুরে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিপেটা করলে নারী শ্রমিকসহ অর্ধশতাধিক শ্রমিক আহত হন। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা এলাকায় অবস্থিত লাক্সমা ইনারওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকেরা শ্রীপুর–গড়গড়িয়া মাস্টারবাড়ি বাজার আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
কারখানার শ্রমিক মনির হোসেন বলেন, দুই মাস ধরে বেতন বকেয়া। আজ বেতন দেওয়ার কথা বলে সকাল থেকে আমাদের আশ্বাস দেওয়া হচ্ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষের কোনো প্রতিনিধি তখন উপস্থিত ছিলেন না। আমরা বাধ্য হয়েই সড়কে নামি। তখন পুলিশ এসে কথা না শুনেই লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড ছুড়তে শুরু করে।
এক নারী শ্রমিক লিপি আক্তার বলেন, পুলিশ নারী–পুরুষ আলাদা করেনি। অনেক শ্রমিক আহত হয়েছে, কারও শরীর থেকে রক্ত ঝরছে। আমাদের ন্যায্য পাওনার দাবিতে আন্দোলন করতে গিয়ে এমন নির্যাতনের শিকার হতে হচ্ছে। আমাদের পরিবার আমাদের আয়ের ওপর নির্ভরশীল।
আহত শ্রমিকদের কয়েকজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে লাক্সমা ইনারওয়্যার লিমিটেডের জেনারেল ম্যানেজার নাজমুল হোসেন বলেন, বকেয়া বেতন পরিশোধের প্রস্তুতি চলছিল। এর মধ্যেই শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যবস্থা নেয়।
শিল্প পুলিশের পরিদর্শক স্বপন কুমার বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধ করলে তাদের সরে যেতে বলা হয়। কিন্তু তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।
বিডি-প্রতিদিন/সুজন