সাভারে বায়ুদূষণ রোধে অবৈধ সীসা ও পাইরোলাইসিস কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে পাঁচটি অবৈধ পাইরোলাইসিস কারখানা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং একটি ব্যাটারি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান উল ইসলাম।
অভিযানে যেসব পাইরোলাইসিস কারখানা ভেঙে দেওয়া হয়, সেগুলো হলো—মোহাম্মদ সেলিম অ্যান্ড টায়ার পাইরোলাইসিস, একতা টায়ার পাইরোলাইসিস, সারা টায়ার পাইরোলাইসিস, রায়হান টায়ার পাইরোলাইসিস এবং ইলিয়াস মহাজনের টায়ার পাইরোলাইসিস। এ ছাড়া একই ইউনিয়নের মোগড়াকান্দা এলাকার ‘সিলিকন ব্যাটারি লিমিটেড’ নামের একটি অবৈধ ব্যাটারি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান উল ইসলাম বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বায়ুদূষণকারী অবৈধ সীসা ও পাইরোলাইসিস কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। পরিবেশের ক্ষতি করে এমন কোনো কার্যক্রমই ছাড় দেওয়া হবে না।
অভিযানে সাভার মডেল থানার পুলিশ ও র্যাব-৪–এর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সুজন