গাজীপুরের কালীগঞ্জে একটি হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা কেন্দ্রে সনদের শর্ত লঙ্ঘন করে এলোপ্যাথিক চিকিৎসা প্রদান এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে এক চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাসাইর বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
উপজেলা প্রশাসন জানায়, বাসাইর বাজারে অবস্থিত ‘সেবা ফার্মেসি’ নামের একটি হোমিওপ্যাথিক সেবা কেন্দ্রে হোমিওপ্যাথিক সনদধারী চিকিৎসক উত্তম কুমার দত্ত দীর্ঘদিন ধরে সনদের শর্ত লঙ্ঘন করে এলোপ্যাথিক চিকিৎসা দিয়ে আসছিলেন। এ ছাড়া সেখানে মেয়াদোত্তীর্ণ এলোপ্যাথিক ওষুধ সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়া যায়।
পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে উত্তম কুমার দত্তকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উল্লেখ্য, এর আগে বুধবার বেলা ১১টার দিকে কালীগঞ্জ বাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ ও বিক্রি নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে চারটি ফার্মেসিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করে উপজেলা প্রশাসন।
বিডি-প্রতিদিন/মাইনুল