ঢাকার কেরানীগঞ্জে হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা (৪২) গুলিবিদ্ধ হওয়ার ঘটনার একদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।
গত বৃহস্পতিবার রাত ৯টার ১৫ মিনিটের দিকে ওয়াজ মাহফিল শেষে হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে এলে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
গুলিবিদ্ধ হাসান মোল্লা জানান, তিনি ও তার ছোট ভাই একটি ওয়াজ মাহফিল শেষে বাসায় ফিরছিলেন। পথে হঠাৎ হেলমেট ও চাদর পরিহিত দুই ব্যক্তি সামনে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। হামলাকারীদের মুখ ঢাকা থাকায় তাদের শনাক্ত করা সম্ভব হয়নি।
হাসান মোল্লার ছোট ভাই রাকিব হোসেন বলেন, মামলার বিষয়ে এখন কোনো মন্তব্য করতে চাই না। আমার ভাই একজন রাজনৈতিক দলের নেতা। দলীয়ভাবে আলোচনা করে মামলা করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আগে আমার ভাই সুস্থ হয়ে উঠুক, এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, ঘটনার পর থেকেই হাসান মোল্লার পরিবারের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। তিনি সুস্থ হলে তারা থানায় এসে মামলা করবেন বলে জানিয়েছেন। এ পর্যন্ত নতুন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
বিডি প্রতিদিন/কেএ