রাজধানীর খিলগাঁওয়ে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় জাকির হোসেন চৌধুরী (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় যাত্রীবাহী বাস জব্দ ও হেলপারকে আটক করেছে খিলগাঁও থানা পুলিশ।
শনিবার সকাল ১১টায় খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
মৃত জাকির হোসেন চৌধুরী চট্টগ্রামের ফটিকছড়ির তেলপারৈ গ্রামের কালা মিয়া চৌধুরীর ছেলে। বর্তমানে দুনিয়া কবরস্তান রোড যাত্রাবাড়ী পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। দুই ছেলের জনক ছিলেন তিনি।
জাকির হোসেনের ছেলে আফাজ উদ্দিন চৌধুরী জানান, তার বাবা পেশায় ব্যবসায়ী ছিলেন। তার বাবা সকালে ব্যবসায়িক কাজে কাজে বাসা থেকে বের হয়। সকাল সাড়ে ১১টার দিকে খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে রাস্তা পারাপারের দ্রুতগতির বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
পরবর্তীতে খিলগাঁও থানা পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে বিকাল পৌনে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা অবগত আছেন।
বিডি প্রতিদিন/আরাফাত