রাজধানীর খিলগাঁও এলাকায় নিজ বাসা থেকে এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম শাহানুর রহমান (৪৪)। তিনি সোনালী ব্যাংকের মতিঝিল শাখায় অফিসার পদে কর্মরত ছিলেন।
মৃত শাহানুর রহমান রাজবাড়ী জেলার পাংশা থানার বিল গজারিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন দেবনাথ।
তিনি জানান, শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে খিলগাঁও এলাকার ৪২৯/সি নম্বর ছয়তলা ভবনের তৃতীয় তলায় তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে রাত সাড়ে আটটার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মৃতের ছোট ভাই মোস্তাফিজুর রহমান জানান, শাহানুর রহমান সোনালী ব্যাংক মতিঝিল শাখায় অফিসার হিসেবে কর্মরত ছিলেন। প্রায় দুই মাস আগে তার স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। এছাড়া ব্যাংকে তার ব্যক্তিগত কিছু ঋণও ছিল। এসব বিষয় নিয়ে তিনি দীর্ঘদিন ধরে মানসিক চাপের মধ্যে ছিলেন।
তিনি আরও জানান, শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে সবার অগোচরে নিজের কক্ষের দরজা বন্ধ করে তিনি আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে খিলগাঁও থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
এসআই সুমন দেবনাথ বলেন, পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে শাহানুর রহমান মানসিকভাবে কিছুদিন ধরে বিপর্যস্ত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক চাপ থেকেই তিনি আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ