ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে চার দিন গাজীপুর মহানগর এলাকার সব শুটিং স্পট ও রিসোর্ট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুলিশ।
শুক্রবার বিকালে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোহা. ইসরাইল হাওলাদার বলেন, বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তিত জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ আইন ২০১৮-এর ৩১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ১০ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২টা পর্যন্ত গাজীপুর মহানগরীর নির্বাচনি এলাকায় অবস্থিত সব শুটিং স্পট, রিসোর্ট ও বিনোদনকেন্দ্র বন্ধ রাখতে হবে।
‘এই সময়ের মধ্যে এসব স্থাপনায় যেকোনো ধরনের কার্যক্রম ও জনসমাগম সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বিডি প্রতিদিন/জুনাইদ