আজও বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রাজধানী ঢাকা। একিউআই স্কোর ২৪৩ নিয়ে তাই আজ ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’।রবিবার সকাল ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত বায়ু গুণমান সূচক থেকে এ তথ্য জানা যায়।
বায়ুমানের সূচক অনুযায়ী আজ ২৪৬ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে মিশরের রাজধানী কায়রো। তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। তালিকার চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে ভারতের কলকাতা (স্কোর ২১০) ও মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর (স্কোর ২০৪)।
বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
এ ছাড়াও একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে সেটিকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০-এর মধ্যে পৌঁছালে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।
বিডি-প্রতিদিন/তানিয়া