রাজধানীর বিভিন্ন এলাকায় ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার দিনব্যাপী অভিযান চালিয়ে মোহাম্মদপুর, বাড্ডা, বংশাল, ভাষানটেক ও ভাটারা থানা পুলিশ এসব গ্রেফতার কার্যক্রম সম্পন্ন করে।
রবিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, মোহাম্মদপুর থানা পুলিশ একজনকে গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তির নাম মো. জহিরুল ইসলাম জহির (৪৪)। তার কাছ থেকে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বাড্ডা থানা পুলিশ অভিযানে গ্রেফতার করে মেহেদী হাসান দীপু ওরফে দীপুকে (৪০)। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধার মালামালের মধ্যে রয়েছে তিনটি রিভলভার, নয়টি পিস্তল, একটি রাইফেল, একটি একনলা ও একটি দুই নলা এয়ারগান, দশটি গুলিভর্তি ম্যাগাজিন, ৭৪ রাউন্ড গুলি, দুটি খালি ম্যাগাজিন, বিভিন্ন বোরের ৩০ রাউন্ড তাজা কার্তুজ, ০.২২ বোরের ২০৯ রাউন্ড গুলি, ৭.৬৫ এমএম ১১০ রাউন্ড গুলি, ৯ এমএম এক রাউন্ড গুলি, দুটি ওয়াকিটকি ও একটি অতিরিক্ত ব্যাটারি, একটি বাইনোকুলার, একটি ল্যাপটপ, তিনটি চাইনিজ কুড়াল, দুটি মোবাইল ফোন ও একটি ছুরি।
বংশাল থানা পুলিশ গ্রেফতার করে সোহেল (৩০) নামের একজনকে। ভাষানটেক থানা পুলিশ অভিযানে দুজনকে গ্রেফতার করে। তারা হলেন মোছা. সাথী আক্তার (৩৫) ও মো. সাজ্জাদ হোসেন (১৯)। এ ছাড়া ভাটারা থানা পুলিশ শামসু (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে।
ডিসি তালেব জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই