গাজীপুরের টঙ্গীতে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় শিশুসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। সোমবার বিকেলে গাজীপুর-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির নির্বাচনী মিছিলে টঙ্গীর হোন্ডা রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহতদের মধ্যে রয়েছেন- রমজান (৩০), হৃদয় (১৯), মারুফ (১৯), আকাশ (১১), হাসমত আলী (৫৪), মারুফ (১৭), সিয়াম (১৬), রাব্বি (১৪), রুবেল (৩৪), মোস্তাকিম (১৫), ইমরান (২৬)সহ আরও অনেকে। আহতদের টঙ্গী সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর অবস্থায় অন্তত ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির নির্বাচনী মিছিলে অংশ নিতে নেতাকর্মীরা টঙ্গীবাজার বাটা গেট এলাকায় জড়ো হন। একপর্যায়ে হোন্ডা রোডের মাথায় বিএনপি কার্যালয়ের সামনে মিছিলের জন্য রাখা গ্যাস বেলুন হঠাৎ বিস্ফোরিত হয়। এতে উপস্থিত নেতাকর্মীদের হাত, মুখ ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
আহতদের দ্রুত উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. নাফিয়া শারমিন বলেন, গ্যাস বেলুন বিস্ফোরণে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। বর্তমানে সবাই আশঙ্কামুক্ত রয়েছেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্ফোরণের কারণ উদঘাটনে তদন্ত চলছে।