অমর একুশে বইমেলা ২০২৬-এর স্টল ভাড়া ৫৫ শতাংশ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. মো. সেলিম রেজা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন অমর একুশে বইমেলা-২০২৬ আয়োজন উপলক্ষে প্রকাশকদের সঙ্গে এক মতবিনিময় সভা মঙ্গলবার বিকেল ৩টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সভায় প্রকাশকরা প্রকাশনা শিল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরে সরকারের কাছে বিভিন্ন দাবি জানান। সংস্কৃতি উপদেষ্টা গ্রন্থনীতি প্রণয়নসহ অধিকাংশ দাবির সঙ্গে একমত প্রকাশ করে এ বিষয়ে মন্ত্রণালয়ে লিখিত প্রস্তাব দেওয়ার আহ্বান জানান।
এসময় তিনি আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের স্টল ভাড়ার ওপর সরকারের পক্ষ থেকে ৫৫ শতাংশ মওকুফের সিদ্ধান্ত ঘোষণা করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব প্রকাশক ইতোমধ্যে স্টল ভাড়ার টাকা জমা দিয়েছেন, তাদের অতিরিক্ত অর্থ বইমেলা কর্তৃপক্ষ ফেরত দেবে। আর যারা এখনো টাকা জমা দেননি, তারা নতুন নির্ধারিত হারে সরাসরি জমা দিতে পারবেন।
সভায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটির সদস্য সচিব ড. মো. সেলিম রেজাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল