আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে আগত সব স্তরের জনসাধারণ যাতে শৃঙ্খলা ও নিরাপত্তার মধ্যে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারে সেই লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেউ যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। গোয়েন্দা সংস্থাগুলোকে তাদের নজরদারি বাড়াতে হবে।
সমন্বয় সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সংস্কৃতি মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিসসহ সরকারের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করে তাদের মতামত দেন।
অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার বিপিএম-সেবা (অতিরিক্ত আইজি) সভায় নির্দেশ দেন গোয়েন্দা বিভাগকে আগাম তথ্য সরবরাহ করতে হবে এবং ট্রাফিক ব্যবস্থাপনা যথাযথভাবে নিশ্চিত করতে হবে।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস. এন. মো. নজরুল ইসলাম বলেন, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন হবে। এছাড়া আরও অন্যান্য পুলিশ কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ