রাজধানীর কলাবাগানে দুর্বৃত্তের গুলিতে এক জুতা ব্যবসায়ী আহত হয়েছেন। তিনি ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক বিএনপির সহ-সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
রবিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কলাবাগান থানাধীন বসুন্ধরা শপিং মলের বিপরীতে জুতার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যক্তি মো. শফিকুর রহমান (৫৫)। তিনি ওই এলাকায় জুতার সরবরাহের ব্যবসার সঙ্গে যুক্ত।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কমফোর্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
শফিকুরকে হাসপাতালে নিয়ে আসা জুতা ব্যবসায়ী শাহপরান জানান, দুর্বৃত্তরা হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার বাম হাতের তালুতে বিদ্ধ হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত শফিকুর রহমান জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। গুলিটি তার বাম হাতের তালুতে লাগে, তবে শরীরে কোনো গুলি পাওয়া যায়নি।
আহত শফিকুর রহমান কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সিদলাই গ্রামের মৃত মফিদুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি টঙ্গী এলাকায় বসবাস করছেন। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে।
বিডি-প্রতিদিন/আশফাক