গাজীপুরের টঙ্গীর মরকুন এলাকায় একটি কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্তৃপক্ষ।
বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সংযোগটি কেটে দেওয়া হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের টঙ্গী কার্যালয়ের উপব্যবস্থাপক গোলাম রব্বানীর নেতৃত্বে একটি দল হাজি ব্রাদার্স ওয়াশিং কারখানায় এ অভিযান পরিচালনা করে। অভিযান শেষে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিতাসের কর্মকর্তারা জানান, এর আগেও একই প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস ব্যবহারের অভিযোগে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছিল।
এলাকাবাসীর অভিযোগ, মরকুন এলাকার ওই ওয়াশিং কারখানাটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছে এবং পরিবেশদূষণ ঘটাচ্ছে। তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা।
কারখানার পরিচালক খোকনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাৎক্ষণিকভাবে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।
তিতাসের টঙ্গী জোনের ব্যবস্থাপক মেজবা-উর-রহমান বলেন, অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/সুজন