বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনের পুনঃতফসিল ঘোষণার দাবি জানিয়েছেন একদল আইনজীবী।
রবিবার বরিশাল প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সমিতির সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি পদে মনোনয়ন ফরম কিনতে ব্যর্থ হওয়া আইনজীবী কাজী মনিরুল হাসান। তিনি বলেন, মনোনয়ন ফরম কিনতে গেলে প্রধান নির্বাচন কমিশনার ফরম দিতে অপারগতার কথা জানান। তার অভিযোগ, একটি পাতানো নির্বাচনের প্রক্রিয়া চলছে এবং একদলীয় নির্বাচন আয়োজনের নীলনকশা করা হচ্ছে। সাধারণ আইনজীবীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করা প্রয়োজন বলেও তিনি দাবি করেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রধান নির্বাচন কমিশনার ও বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এস এম সাদিকুর রহমান লিংকন। তিনি বলেন, বরিশাল আইনজীবী সমিতির ইতিহাসে এ বছর সবচেয়ে বেশি ৭৫টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। যারা সরাসরি এসে ফরম চেয়েছেন, তাদের সবাইকে ফরম দেওয়া হয়েছে। ফরম না চেয়ে বাইরে গিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলেও তিনি দাবি করেন।
এদিকে জামায়াতপন্থী ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি প্রার্থী সালাহউদ্দিন মাসুম জানান, তারা পুরো প্যানেলের প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দিয়েছেন এবং পূর্ণ প্যানেল নিয়েই নির্বাচনে অংশ নেবেন।
আগামী ২ এপ্রিল বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/সুজন