বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, জনগণের স্বার্থের বাইরে কিছু করা যাবে না, মন্ত্রণালয়ের সবাই সতর্ক অবস্থানে আছে। দেশে একসময় দুর্নীতির আমল ছিল, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। এগুলোর কোনো সুযোগ এখন নেই।
সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, জিয়াউর রহমানের হাত ধরে দেশে যে খাল খননের প্রকল্প শুরু হয়েছিল তা প্রধানমন্ত্রী তারেক রহমান আবার শুরু করবেন। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারুল উপজেলায় তিনি নিজে উপস্থিত হয়ে দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন।
তিনি বলেন, লক্ষ্মীপুরে যেসব খাল দখল হয়ে গেছে বা দীর্ঘদিন যে খালগুলোতে কোনো ধরনের উন্নয়ন কাজ হয়নি, সেসব খাল নিয়ে শিগগিরই কাজ শুরু করব।
এ সময় লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরামের পাশে সবসময় থাকার প্রতিশ্রুতিও দেন পানিসম্পদ মন্ত্রী।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আশরাফ উদ্দীন নিজান।
সংগঠনের সভাপতি জাকির হোসেন লিটনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আরিফুর রহমানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান, সড়ক বিভাগের যুগ্ম সচিব কামরুল হাসান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাবেক সিনিয়র সহকারী প্রেস সচিব আহাম্মদ ফয়েজ, নিউমার্কেট বিএনপির যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন টিপু, অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি মোসলেহ উদ্দিন আরিফ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনূর সাগর, তেজগাঁও কলেজের শিক্ষক রোমান হোসাইন ও সাংবাদিক জামশেদ রনিসহ সহ বিভিন্ন পেশাজীবী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কেএ