টঙ্গীর দত্তপাড়া ইসলামপুর এলাকায় একটি বাসা থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আশিকুল ইসলাম পাভেল (৪৪)। তার বাবার নাম নূরুল ইসলাম। তবে তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় জানতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, কয়েকদিন ধরে বাসা থেকে দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয়দের সন্দেহ হলে সোমবার পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ তালাবদ্ধ ওই কক্ষ থেকে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে।
পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি এবং ঘটনার রহস্যও উদঘাটন হয়নি।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করা হয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/সুজন