রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ ফয়সাল গনি (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, গত ৮ মার্চ তিনি হোটেলের ২২৪ নম্বর কক্ষ ভাড়া নিয়ে সেখানে অবস্থান করছিলেন। মঙ্গলবার বিকেলে ওই কক্ষের ভেতরে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে জানা গেছে, ওই যুবক অসুস্থ ছিলেন। তার স্বজনরা এলে বিষয়টি আরও স্পষ্ট হওয়া যাবে।
নিহত মোহাম্মদ ফয়সাল গনি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার আদর্শ আনন্দলিয়া গ্রামের বাসিন্দা ও ওসমান গনির ছেলে।
বিডি-প্রতিদিন/আশফাক