রাজধানীর ভাটারা এলাকায় সিগারেটের দাম নিয়ে কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনায় হানিফ মিজি (৫৬) নামে এক চা দোকান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাকিব (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ভাটারা ১০০ ফিট সড়কের হোটেল দিবানিশির সামনে এ ঘটনা ঘটে।
ভাটারা থানার এসআই রিফাত আল আফসানি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হানিফ মিজি নামে এক চা দোকান ব্যবসায়ীর সঙ্গে সিগারেটের দাম নিয়ে রাকিব নামে এক যুবকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হলে হানিফ মিজি রাস্তায় পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতেই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে পুলিশ মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে বুধবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসআই রিফাত আল আফসানি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় রাকিব নামে এক যুবককে আটক করা হয়েছে।
নিহত হানিফ মিজি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার করদি গ্রামের আব্দুল আজিজ মিজির ছেলে। তিনি বর্তমানে রাজধানীর ভাটারা এলাকার নূরেরচালা এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন।
বিডি-প্রতিদিন/মাইনুল