রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। আজ বুধবার নগর ভবনে প্রশাসকের দপ্তর কক্ষে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক আ. ন. ম. বজলুর রশীদ।
এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা সব সময় তোমাদের পাশে আছি। তোমরা তোমাদের লক্ষ্য অর্জনে এগিয়ে যাও, ভবিষ্যতে তোমরা জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জন করো এ দোয়া করি।
এবার রাজশাহী সিটি কর্পোরেশন পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৫৮ জনকে, কলেজ পর্যায়ে ৪৪ জনকে, মাধ্যমিক পর্যায়ে ২৪ জনকে, প্রাইমারি পর্যায়ে ৩১ জনসহ মোট ১৫৭ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি হিসেবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১০ হাজার টাকা, কলেজ পর্যায়ে ৭ হাজার টাকা, হাইস্কুল পর্যায়ে ৫ হাজার টাকা এবং প্রাইমারি স্কুল পর্যায়ে ২ হাজার টাকা প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/জামশেদ