ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জনগণের স্বার্থে কথা বলতে কখনোই কারও পক্ষ বা বিপক্ষ বিবেচনা করি না। দেশের মানুষের অধিকার ও ন্যায্য দাবি আদায়ের প্রশ্নে সব সময় সোচ্চার থাকি।
আজ শনিবার (১৪ মার্চ) বিকেলে কেরানীগঞ্জ উপজেলা প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতাবিষয়ক অভিযান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র বলেন, আমি জনগণের স্বার্থে আমার কথা বলে যাব। এতে কে খুশি হবে বা কে অসন্তুষ্ট হবে, তা আমার দেখার বিষয় নয়। দেশের মানুষ যে সমস্যার মধ্যে আছে, সেই বাস্তবতা তুলে ধরা আমাদের দায়িত্ব।
তিনি আরও বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ নিশ্চিত করা। জনগণের স্বার্থকে প্রাধান্য না দিলে রাজনীতির উদ্দেশ্য ব্যর্থ হয়ে যায়। তাই দেশের সার্বিক পরিস্থিতি ও মানুষের অধিকার রক্ষার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
গয়েশ্বর চন্দ্র বলেন, আমাদের পরিবেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এটা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি সকল জনগণের দায়িত্ব। আমাদের চারপাশ পরিষ্কার রাখা আমাদের নাগরিক কর্তব্য। জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, জনগণের সেবক হিসেবে মানুষের জন্য কাজ করে যেতে চাই।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি, দক্ষিণ) আফতাব আহম্মেদসহ উপজেলার কর্মকর্তা-কর্মচারীরা।
বিডি প্রতিদিন/কেএইচটি