রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে আরিয়ান আলামিন (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন গাড়িচালক ছিলেন। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ছয়তলা ভবনের পঞ্চম তলায় আলামিনের কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখে নিচতলার বাসিন্দারা বিষয়টি অন্যদের জানান। পরে প্রতিবেশীরা তার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে লোকজনের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।
বাসায় ঢুকে আলামিনকে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। তার শরীরের বিভিন্ন স্থানে পোড়া দাগ ছিল এবং কক্ষের বিছানা ও আসবাবপত্রের কিছু অংশ পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি পড়ে যান এবং পরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ধোঁয়ায় তিনি মারা যান।
তাকে দ্রুত উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টা ৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
জানা গেছে, শনির আখড়ার ওই বাসায় স্ত্রী শিউলি ও এক মেয়েকে নিয়ে থাকতেন আলামিন। ঘটনার সময় তার স্ত্রী ও সন্তান বাসায় ছিলেন না। তারা বেড়াতে গিয়েছিলেন। আলামিনের বাবার নাম আবুল খায়ের।
বিডি-প্রতিদিন/তানিয়া