রাজধানীর কলাবাগানের ভূতের গলির একটি বাসায় বৈদ্যুতিক তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর।
রবিবার (২৯ মার্চ) সকাল ৬টার দিকে কলাবাগান নর্থ রোড ভূতের গলির একটি বাড়ির পেছনে এ ঘটনা ঘটে।
কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, অজ্ঞাতনামা ওই ব্যক্তি বৈদ্যুতিক তার চুরি করার জন্য বাড়িটির গ্রিল বেয়ে ছাদে উঠেছিলেন। সেখানে অনেকগুলো তার কেটে জমা করেন। পরে কোনো একটি তার কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। এটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে সেখান থেকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/জামশেদ