রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম (৪৩ ভরি) স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ মফিদুল ইসলাম (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দরের আগমনী ক্যানোপি ২-এর খোলা কার পার্কিং এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মফিদুল ইসলাম খুলনা জেলার লবণচরা থানার বাসিন্দা। তিনি এসভি৮০৮ ফ্লাইটে সৌদি আরব থেকে বেলা পৌনে ১১টার দিকে অবতরণ করেন।
এপিবিএন সূত্রে জানা যায়, আটক ব্যক্তির শরীর তল্লাশি করলে তার সঙ্গে থাকা হাতব্যাগ থেকে ৪৯৯.১ গ্রাম স্বর্ণ ও ৯ হাজার ইউএস ডলার, ৮ হাজার ৫০১ সৌদি রিয়াল, ১ হাজার ৮০০ মিশরীয় পাউন্ড, ১৫০ রোমানিয়ান লিউ এবং ৮০ হাজার ১১৭ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ৮৩ লাখ ৮৪ হাজার ৮৮০ টাকা।
আটক মফিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধার করা স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছে। তিনি দীর্ঘদিন যাবৎ বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছিলেন। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির বলেন, ‘বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে এয়ারপোর্ট এপিবিএন বরাবরের মতোই সক্রিয় ভূমিকা পালন করছে। স্বর্ণ ও মাদক চোরাচালানের অপতৎপরতা রোধে এয়ারপোর্ট এপিবিএন বদ্ধপরিকর। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো চোরাচালান রোধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’
বিডি প্রতিদিন/জুনাইদ