নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফুটবল খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। খেলার সময় ফুটবলটি পুকুরে পড়ে যাওয়ায় তুলতে গিয়ে পানিতে ডুবে আদনান ও আব্রাহাম নামের দুই ভাইয়ের মৃত্যু হয়। শুক্রবার সকাল ১১টায় উপজেলার কাঁচপুর রায়েরটেক এলাকায় এঘটনায় ঘটে।
মৃত শিশুরা কুষ্টিয়া জেলার পিরোজপুর গ্রামের জিয়াউর রহমানের দুই ছেলে। তারা রায়েরটেক খান বাড়ির নিজাম উদ্দিন খানের বাড়ির ভাড়াটিয়া।
প্রত্যক্ষদর্শী রনি মিয়া জানায়, দুই ভাই পুকুর পাড়ে বল নিয়ে খেলা করছিল। হঠাৎ করেই তাদের আর দেখা যাইনি। পরে এক নারীর কান্নাকাটি দেখে তারা পুকুরে নেমে খোঁজাখুঁজির পর একে একে দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ জানান, পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যুর খবর শুনে আমি নিজেই ঘটনাস্থলে যাচ্ছি। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/টিএ