শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ মো. রুবেল আহমেদ (২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার বিকেলে জামগড়ার ছয়তলা ইস্টার্ন হাউজিং এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক রুবেল পাবনা জেলার বেড়া উপজেলার হাটুরিয়া গ্রামের হযরত আলীর ছেলে। তিনি সন্ত্রাসী কার্যক্রমের জন্য এসব অস্ত্র নিজের কাছে রেখেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গোপন সংবাদের ভিত্তিতে একই এলাকায় আরেকটি অভিযানে একটি আবাসিক ভবন থেকে মাসুদ নামের আরেক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কক্ষ থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও বিদেশি মদের খালি বোতল উদ্ধার করা হয়। তিনি একটি সংঘবদ্ধ অপরাধচক্রের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রুবেলকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে, সাম্প্রতিক এক গুলির ঘটনায় চারজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আহতরা হলেন আলামিন (৩০), পারভেজ (২২) ও তানভীরসহ আরও একজন। গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, এ ঘটনায় এজাহারভুক্ত আসামি রুবেলকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মূল শুটার হিসেবে অভিযুক্ত বাপ্পিকে ধরতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বিডি-প্রতিদিন/সুজন