নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নাম্বার ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
এসময় এলাকাবাসীর পক্ষে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, ফতুল্লা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডগুলো জলাবদ্ধতাপূর্ণ এলাকা। ডিএনডি প্রকল্পের আওতাভুক্ত খালগুলোতে দীর্ঘ প্রায় ৪০ বছর যাবত কোনো সরকারি সংস্থা কর্তৃক খনন কাজ না করায় শিল্পবর্জ্য, মানবসৃষ্ট বর্জ্য খালে পড়তে পড়তে খালের কোনো কোনো অংশ সমতল ভূমির মতো হয়ে গিয়েছে। ফলে বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, আমাদের দাবি হচ্ছে- বর্ষা আসার আগেই পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি পানির পাম্প স্টেশন স্থাপিত করে পানি উন্নয়নবোর্ডের পরিচালনার মাধ্যমে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। সেই সাথে ডিএনডি আওতাভুক্ত যে সকল খাল আছে সকল খালের গভীরতা পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে কমপক্ষে ১০ ফুট করতে হবে।
বিডি প্রতিদিন/হিমেল