পহেলা বৈশাখ উপলক্ষে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি: মানবতার মহাসেতু’ শিরোনামে একটি সেমিনার ও আনন্দমেলার আয়োজন করেছে কুষ্টিয়া সোসাইটি বনশ্রী।
আজ মঙ্গলবার রাজধানীর রামপুরায় আয়োজিত এ অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার করা, ভিন্নমতের মানুষকে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ করা এবং সহিংসতা ও বিভেদ কমানোর জন্য সচেতনতা সৃষ্টি করা। এর মাধ্যমে সকল ধর্ম, বর্ণ ও শ্রেণির মানুষের মধ্যে সহাবস্থান, সহনশীলতা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার বার্তা পৌঁছে দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে কুষ্টিয়া সোসাইটি বনশ্রীর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. আমিনুল ইসলাম বাচ্চু বলেন, ‘বাংলাদেশের মূল শক্তি আমাদের ঐক্য ও সম্প্রীতি। এই দেশ সব ধর্মের মানুষের রক্তে অর্জিত। সাম্প্রদায়িক বিভেদ আমাদের সংস্কৃতির অংশ নয়। আমরা যদি পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হই, তাহলে কোনো অপশক্তি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারবে না।’
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সোসাইটির অ্যাডভাইজার ও নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন। তিনি তার বক্তব্যে বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি কেবল একটি নৈতিক বিষয় নয়, এটি একটি উন্নত ও টেকসই সমাজ গঠনের পূর্বশর্ত। যখন সমাজে বৈষম্য ও ভিন্নমত দমনের প্রবণতা বাড়ে, তখন সহিংসতা বৃদ্ধি পায়।’
সোসাইটির সেক্রেটারি ডাক্তার মো মাসুদ আলী বলেন, ‘আমরা যদি মানুষকে মানুষ হিসেবে দেখি—ধর্ম, বর্ণ বা মত দিয়ে নয়, তাহলেই প্রকৃত সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব।’
বিডি প্রতিদিন/এম.এস