রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিরব (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নিরবকে মৃত ঘোষণা করেন। নিহত নিরব চাঁদপুর জেলার মতলব উপজেলার বাড়ি ডাঙা গ্রামের আলামিন মিয়ার ছেলে। সে দিনমজুরের কাজ করত।
নিহতের চাচা মামুন জানান, রাতে নিরব তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হয়। এ সময় পানগাঁও বাজার এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা গুরুতর আহত হন। পরে নিরবকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অপরজনকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ