রাজধানীতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রথমবারের মতো নিজস্ব ব্যবস্থাপনায় ‘প্রাক-বর্ষা এডিস মশার লার্ভা জরিপ’ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
রবিবার সকালে নগর ভবনের বুড়িগঙ্গা হলে এ জরিপ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।
ডিএসসিসি জানায়, সংস্থাটির ৭৫টি ওয়ার্ডের প্রতিটি থেকে ৩০টি করে মোট ২ হাজার ২৫০টি বাড়িকে নমুনা হিসেবে নির্বাচন করা হয়েছে। ১২ দিনব্যাপী এ জরিপে ডিএসসিসি ও স্বাস্থ্য অধিদপ্তর-এর সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার ৩৬ জন মাঠকর্মী অংশ নিচ্ছেন।
জরিপে তথ্য সংগ্রহের জন্য আধুনিক ‘কবো টুলবক্স’ (KoboToolbox) প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। জরিপ শেষে ব্রেটো ইনডেক্স (BI), হাউস ইনডেক্স (HI), কন্টেইনার ইনডেক্স (CI) এবং পিউপা ইনডেক্স (PI)-এর মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে। এসব তথ্য ভবিষ্যতে ডেঙ্গুর ‘হটস্পট’ শনাক্তে সহায়ক হবে বলে জানিয়েছে ডিএসসিসি।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, ‘ডেঙ্গু এখন জনজীবনের জন্য বড় হুমকি। নাগরিকদের এই ঝুঁকি থেকে রক্ষা করতে কার্যকর ও বিজ্ঞানসম্মত পদক্ষেপ নেওয়ার লক্ষ্যেই আমরা প্রথম নিজস্ব ব্যবস্থাপনায় এই জরিপ পরিচালনা করছি। রোগের উৎপত্তিস্থল বা সোর্স সঠিকভাবে শনাক্ত করা গেলে প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার আগেই তা অঙ্কুরেই বিনষ্ট করা সম্ভব হবে।’
মাঠ পর্যায়ের কর্মীদের কঠোর সতর্কবার্তা দিয়ে তিনি বলেন,‘এটি মানুষের জীবন-মরণের প্রশ্ন। কোনো এলাকায় না গিয়ে মনগড়া রিপোর্ট দেওয়া হবে মানুষের জীবন নিয়ে খেলার শামিল। অর্পিত দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাশত করা হবে না।’
উদ্বোধনের পর ডিএসসিসি প্রশাসক ফুলবাড়িয়া মোড় এলাকার কেন্দ্রীয় পশু হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় হাসপাতাল চত্বরে জমে থাকা পানি, বর্জ্য ও মশার লার্ভা পাওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।
পরে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং লার্ভা ধ্বংসে তাৎক্ষণিকভাবে ওষুধ ছিটানোর ব্যবস্থা করা হয়।
ডিএসসিসি জানিয়েছে, জরিপ চলাকালে যেসব স্থানে লার্ভা বা ঝুঁকিপূর্ণ পরিবেশ পাওয়া যাবে, সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিয়মিত মশক নিধন কার্যক্রমও অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এম.এস