ঢাকার জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে সদ্য যোগদান করা ১২ জন কানুনগোকে (প্রশাসনিক পদ) ভূমি অধিগ্রহণ অনুবিভাগের পাঁচটি শাখায় লটারির মাধ্যমে পদায়ন করা হয়েছে।
রবিবার উপস্থিত থেকে এ পদায়ন কার্যক্রম সম্পন্ন করেন ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।
ভূমি অধিগ্রহণ অনুবিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ), ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, সার্ভেয়ার, কানুনগো ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে লটারির মাধ্যমে এই পদায়ন কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা খানম এলএ শাখার কর্মকর্তা, সার্ভেয়ার, কানুনগো ও কর্মচারীদের আন্তরিকতা, দ্রুততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
একইসঙ্গে দ্রুততম সময়ে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ভোগান্তিবিহীন ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেন।
ফরিদা খানম বলেন, ভূমি অধিগ্রহণ কার্যক্রমের সঙ্গে সাধারণ মানুষের স্বার্থ ও প্রত্যাশা সরাসরি জড়িত। তাই এই কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লটারির মাধ্যমে পদায়নের উদ্যোগের ফলে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আস্থা ও কর্মস্পৃহা আরও বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি।
বিডি প্রতিদিন/কেএ