হাম-রুবেলা পরিস্থিতি মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণ, টিকাদান কার্যক্রমে অনিয়মের সঙ্গে জড়িতদের শাস্তি এবং জাতীয় বাজেটের ২৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
রবিবার নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদ।
সমাবেশে বক্তব্য দেন মহানগর শাখার সাধারণ সম্পাদক ফারজানা আক্তার, সংগঠক উম্মে হালিমা লাবনী, রেজওয়ান হোসেন সিয়াম, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক লামিয়া সায়মন এবং সরকারি ব্রজমোহন কলেজের সংগঠক আবির দেবনাথ জয়।
বক্তারা বলেন, দেশে সম্প্রতি হাম-রুবেলায় আক্রান্ত শিশুর সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। ইতোমধ্যে বহু শিশু আক্রান্ত ও মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা অভিযোগ করেন, টিকাদান কার্যক্রমে অনিয়ম ও দায়িত্বে অবহেলার কারণেই পরিস্থিতি জটিল হচ্ছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
সমাবেশ থেকে বিভাগীয় শিশু হাসপাতাল চালু, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে টিকা পৌঁছে দেওয়া এবং হাসপাতালগুলোতে হাম-রুবেলা কর্নার চালুর দাবিও জানানো হয়।
এছাড়া আসন্ন জাতীয় বাজেটে শিক্ষা খাতে ২৫ শতাংশ বরাদ্দ রাখার আহ্বান জানান বক্তারা।
বিডি-প্রতিদিন/এআইএস