সাভারে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ মাদকসহ তিন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির। এর আগে রবিবার রাতে সাভার পৌর এলাকার পশ্চিম রাজাশন মহল্লায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন চাঁদপুরের সুমন মিয়া (৩৮), দিনাজপুরের সবুজ (২৬) ও ঢাকার জহুরুল হাসান (২০)।
র্যাব জানায়, অস্ত্রধারী সন্ত্রাসীরা পশ্চিম রাজাশন এলাকায় অবস্থান করছে—এমন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সুমন মিয়াসহ তিনজনকে আটক করা হয়।
পরে সুমনের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ২১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এছাড়া আটককৃতদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন, ১ কেজি গাঁজা ও ১৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ব্যবহার করে তারা সাভার, আশুলিয়াসহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত। পাশাপাশি তারা পেশাদার মাদক ব্যবসার সঙ্গেও জড়িত বলে তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এনআরএইচ