ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী বলেছেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছাতে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদের আরও আন্তরিক হতে হবে। মানুষের সমস্যা দ্রুত সমাধান এবং নাগরিক সেবার মান নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
সোমবার (১১ মে) বিকেল ৩টায় কেরানীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিপুণ রায় চৌধুরী বলেন, সরকারি কর্মকর্তাদের জনগণের কল্যাণে আরও দায়িত্বশীল ও সক্রিয় থাকতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে না পারলে রাজনৈতিক কর্মকাণ্ডের কোনো মূল্য থাকে না। তাই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যা দ্রুত সমাধানে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, জনগণ এখন শান্তি, নিরাপত্তা ও সুশাসন চায়। একটি জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে হলে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদসহ প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। সভায় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনভোগান্তি ও নাগরিক সেবা নিয়ে আলোচনা করা হয়।
বিডি প্রতিদিন/কেএইচটি