নিরীক্ষা ও হিসাব বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে সাত কর্মদিবসব্যাপী বিশেষ সেবা কার্যক্রম শুরু হয়েছে। সোমবার বরিশাল ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরিশাল ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টসের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন।
সভায় উপস্থিত ছিলেন এডিসিএ মো. তওফিকুল ইসলাম, এএন্ডএও (প্রশাসন) মো. রফিকুল ইসলাম, এএন্ডএও মো. আরিফুল হক, সুপার মো. সাইফুল ইসলাম, অডিটর হাবিবুর রহমান হাবিব ও নাইম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বক্তারা জানান, বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১১ মে থেকে ১৯ মে পর্যন্ত দেশব্যাপী বিশেষ সেবা সপ্তাহ পালন করা হচ্ছে। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন বরিশাল ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস এ কর্মসূচির আয়োজন করেছে।
সভায় জানানো হয়, ১৯৭৩ সালে বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয় প্রতিষ্ঠিত হয় এবং একই বছরের ১১ মে দেশের প্রথম সিএজি নিয়োগ দেওয়া হয়। জনগণের সম্পদের ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সিএজি কার্যালয় ও এর আওতাধীন প্রতিষ্ঠানগুলো সংবিধানপ্রদত্ত দায়িত্ব পালন করে যাচ্ছে।
এ সময় হিসাবরক্ষণ ব্যবস্থাকে আধুনিক, ডিজিটাল ও জনকল্যাণমুখী করতে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরা হয়।
সেবা সপ্তাহ উপলক্ষে জানানো হয়, হিসাব মহানিয়ন্ত্রক এস এম রেজভীর তত্ত্বাবধানে পেনশন সেবাসহ সরকারি আর্থিক সেবায় দ্রুততা, মানবিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে দেশব্যাপী ওয়ানস্টপ সার্ভিস চালু রয়েছে। পাশাপাশি অনলাইন ফিডব্যাক গ্রহণ ও টেলিফোনে সেবার মান যাচাইয়ের ব্যবস্থাও রাখা হয়েছে।
এ ছাড়া পেনশনারদের ইএফটির আওতায় এনে প্রতি মাসের প্রথম কর্মদিবসে ব্যাংক হিসাবে পেনশনের অর্থ পাঠানো হচ্ছে। হেল্প ডেস্কের মাধ্যমে পেনশনসংক্রান্ত সমস্যার তাৎক্ষণিক সমাধান এবং অনলাইনে তথ্যসেবা নিশ্চিত করা হয়েছে।
সভায় আরও জানানো হয়, ডিডিওদের বিভিন্ন বিল অনলাইনে দাখিল ও পরিশোধ কার্যক্রম চালু রয়েছে। এ বিষয়ে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি অর্থ পরিশোধে ইএফটি ও এমআইসিআর চেক ব্যবহারের পাশাপাশি কোষাগারে অর্থ জমায় অটোমেটেড চালান ব্যবস্থা চালুর মাধ্যমে সরকারের ক্যাশ ম্যানেজমেন্ট শক্তিশালী করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/এআইএস