গাজীপুরের টঙ্গীতে বাসচাপায় শাহাদাত হোসেন (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাদেরিয়া গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদাত হোসেনের বাবার নাম আব্দুল গনি।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় শাহাদাত মোটরসাইকেলযোগে কাদেরিয়া গেট এলাকায় পৌঁছালে গাজীপুর থেকে ছেড়ে আসা গোল্ডেন সিটি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, বাস ও চালক সুমন মিয়াকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/এআইএস