রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১২৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (১৫ মে) রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এর মধ্যে মিরপুর মডেল থানা এলাকা থেকে ৩১ জন, তেজগাঁও ৪৯, গুলশান থানা এলাকা থেকে ৩০ এবং যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ শনিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতারদের মধ্যে তেজগাঁও থানায় ৫ জন, শেরেবাংলা নগর থানায় ৬, মোহাম্মদপুর থানায় ১৬, আদাবর থানায় ৭, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৮ এবং হাতিরঝিল থানায় ৭ জন রয়েছেন।
যাত্রাবাড়ী থানায় গ্রেফতারদের মধ্যে তিনজন নিয়মিত মামলার এবং একজন পুরোনো মামলার এজাহারনামীয় আসামি।
এছাড়া চারজনের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। বাকি ১১ জনকে বিভিন্ন অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দিয়ে গ্রেফতার করা হয়েছে।
রাজধানীতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ।
বিডি-প্রতিদিন/জেডআর