সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করতে এক যুগান্তকারী উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে নাগরিকদের সুবিধার্থে খুব শিগগিরই চালু হতে যাচ্ছে ‘হ্যালো ডিসি’ নামের একটি বিশেষ অ্যাপ ও সেবা প্ল্যাটফর্ম। এর মাধ্যমে প্রশাসন ও সাধারণ জনগণের মধ্যে একটি সরাসরি ও স্বচ্ছ যোগাযোগের মাধ্যম তৈরি হবে।
রবিবার ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা খানম এই ঘোষণা দেন।
তিনি জানান, এই অ্যাপের মাধ্যমে ঢাকার যেকোনো প্রান্তিক নাগরিক সরাসরি জেলা প্রশাসকের কাছে তাদের অভাব, অভিযোগ, পরামর্শ ও মতামত জানাতে পারবেন।
মতবিনিময় সভায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে জেলা প্রশাসক বলেন, আপনাদের লেখনীর মাধ্যমেই সমাজের প্রকৃত চিত্র ও সাধারণ মানুষের চাওয়া-পাওয়া আমাদের সামনে উঠে আসে। আপনারা সঠিক তথ্যের ভিত্তিতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে প্রশাসনকে সহায়তা করবেন।
তিনি স্পষ্ট জানিয়ে দেন, জেলা প্রশাসক কার্যালয়ের যেকোনো দপ্তরে যদি কোনো সেবাগ্রহীতা হয়রানির শিকার হন বা কোনো অনিয়ম চোখে পড়ে, তবে তা যেন সাংবাদিকরা নির্ভয়ে ও নির্বিঘ্নে তুলে ধরেন। নাগরিকদের সরাসরি তথ্য ও সাংবাদিকদের প্রতিবেদনের ভিত্তিতে প্রশাসন দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।
এর আগে, গত ২২ এপ্রিল ঢাকার প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগদান করেন মিজ ফরিদা খানম।
মতবিনিময় সভায় আদালত পাড়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী ছাড়াও ঢাকা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল ওয়ারেছ আনসারী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. মাহাবুব উল্লাহ মজুমদার এবং তেজগাঁও সার্কেলের সার্কেল অফিসার ও সিনিয়র সহকারী সচিব তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া ঢাকা জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারাও (ইউএনও) এই মতবিনিময় সভায় অংশ নেন। তাদের মধ্যে সাভারের ইউএনও মো. সাইফুল ইসলাম, ধামরাইয়ের ইউএনও মো. আল মামুন, কেরানীগঞ্জের ইউএনও মো. উমর ফারুক এবং নবাবগঞ্জের ইউএনও দিলরুবা ইসলাম উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই