রাজধানীর মিরপুরে হজরত শাহ আলী বোগদাদীর (রহ.) মাজারে ওরশ চলাকালে হামলার ঘটনায় করা মামলায় গ্রেফতার তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার শুনানি শেষে এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন মো. আজম, শেখ মো. সাজ্জাদুল হক রাসেল ও আরমান দেওয়ান।
আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক গৌতম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার আসামিদের আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহ আলী থানার পরিদর্শক তারিকুর রহমান। অন্যদিকে, রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী মো. কামাল উদ্দিন।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, আসামিরা ঘটনার সঙ্গে জড়িত নন। অযথা হয়রানি করার জন্য মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। উভয়পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে প্রত্যেকের দুই দিন করে রিমান্ডের আদেশ দেন আদালত।
এর আগে. গত ১৪ মে রাতে শাহ আলী মাজারে হামলার ঘটনা ঘটে। ওরশ চলাকালে হঠাৎ লাঠিসোঁটা নিয়ে কিছু লোক মাজারে ঢুকে মারধর শুরু করে। ওই ঘটনায় রেশমী বেগম নামের এক মাজার ভক্ত বাদী হয়ে শনিবার) শাহ আলী থানায় মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর রাতেই উত্তর বিশিল এলাকা থেকে ওই তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
বিডি প্রতিদিন/কেএ