আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে খেলতে না পারায় শিক্ষার্থীদের দাবির মুখে সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়-এর শারীরিক শিক্ষা দফতরের উপপরিচালক সেলিনা বেগম। দায়িত্বে অবহেলার অভিযোগে তদন্তের স্বার্থে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল দলের খেলোয়াড়দের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এবং বরিশাল বিশ্ববিদ্যালয় আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর বিপক্ষে ম্যাচ ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের। অভিযোগ ওঠে, মাঠে উপস্থিত থাকলেও শারীরিক শিক্ষা দফতরের দায়িত্বে অবহেলা ও অসহযোগিতার কারণে শেষ পর্যন্ত খেলায় অংশ নিতে পারেনি বরিশাল বিশ্ববিদ্যালয় দল। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
পরে চট্টগ্রাম থেকে ক্যাম্পাসে ফিরে গত ১৪ মে খেলোয়াড় ও সাধারণ শিক্ষার্থীরা ওই কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। একই সঙ্গে ছয় ঘণ্টার মধ্যে তাকে বরখাস্তের আলটিমেটামও দেওয়া হয়।
শিক্ষার্থীদের চাপ ও অভিযোগের পর তদন্তের স্বার্থে ব্যবস্থা নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বরখাস্তকালীন সময়ে বিধি অনুযায়ী তিনি খোরাকি ভাতা পাবেন বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এনআরএইচ