রাজশাহীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ঘুষ মামলায় সাবেক উপজেলা সমবায় কর্মকর্তা নৃপেন্দ্রনাথ দাসকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার (১৭ মে) দুপুরে রাজশাহী বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মোস্তফা পাভেল রায়হান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত নৃপেন্দ্রনাথ দাস রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাবেক উপজেলা সমবায় কর্মকর্তা ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেন।
তিনি জানান, আদালত দণ্ডবিধির ১৬১ ধারায় তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দেন। এছাড়া ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ৮ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৪ মে গোদাগাড়ী পৌর সদরের সরমঙ্গলা একতা মৎস্য চাষী সমবায় সমিতির নিবন্ধনের জন্য আবেদন করেন আব্দুল বাতেন নামে এক ব্যক্তি। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে তৎকালীন উপজেলা সমবায় কর্মকর্তা নৃপেন্দ্রনাথ দাস তার কাছে ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। অভিযোগকারী প্রথমে ৭ হাজার টাকা দিতে বাধ্য হন।
পরে বিষয়টি দুদকের জেলা কার্যালয়ে জানানো হলে দুদক ফাঁদ পাতে। একই দিন দুপুর ২টার দিকে উপজেলা সমবায় কার্যালয়ে অবশিষ্ট ৮ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় দুদকের উপপরিচালক মোরশেদ আলম ও মামলার বাদী উপপরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ৮ সদস্যের একটি দল তাকে হাতেনাতে আটক করে। পরে তাকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ