‘নীতি-নির্ধারণে আস্থা তৈরিতে মেট্রোলজি’ প্রতিপাদ্যে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে রংপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) সকালে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।
রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম।
রংপুর জেলা প্রশাসন ও বিএসটিআই’র (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন) যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, সুশীল সমাজ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন, মেট্রোলজিকে শুধু পণ্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে নীতি-নির্ধারণেও ব্যবহার করতে হবে। উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত সংশ্লিষ্টরা সঠিকভাবে দায়িত্ব পালন করলে ভোক্তা ও সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি করা সম্ভব।
তিনি আরও বলেন, আসন্ন ঈদ উপলক্ষে বাজারে পণ্যের স্থিতিশীলতা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট দফতরগুলোকে বাজার তদারকি জোরদার করতে হবে।
বিডি-প্রতিদিন/এমএল