বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) আয়োজিত ন্যাশনাল কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সরকারি বিজ্ঞান কলেজ। প্রথম রানারআপ হয়েছে ঢাকা কলেজ। দ্বিতীয় রানারআপ হয়েছে বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ।
গতকাল বিইউএফটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর টিমের সহযোগিতায় ‘এম অ্যান্ড জে গ্রুপ প্রেজেন্টস পাওয়ার্ড বাই জায়ান্ট গ্রুপ’ আয়োজিত এ প্রতিযোগিতাটি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এ আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল বাংলাদেশ প্রতিদিন।
বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান, বিশেষ অতিথি ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ নাসির। জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফ্যাকাল্টি অব সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো. আবদুল জলিল। দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রথম রাউন্ডে উত্তীর্ণ পাঁচ শতাধিক কলেজ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগীরা দ্বিতীয় এমসিকিউ রাউন্ডে অংশগ্রহণ করেন। সেখান থেকে ২০টি দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। পরবর্তী রাউন্ডে ছয়টি দল সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে। শেষে চারটি দল গ্র্যান্ড ফাইনালে জায়গা করে নেয়।
প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান, বিজয়ী ও অতিথিদের নিয়ে গ্রুপ ফটোসেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যাশন রানওয়ে।